পুজোর মুখে কি ফের ভিজবে তিলোত্তমা! দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল হলেও ধাপে ধাপে বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেশী রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নিলেও এ রাজ্যে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়নি। যদিও দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা দুর্বল হয়েছে, তবে পুজোর প্রাক্কালে ভ্যাপসা গরমের অস্বস্তির মাঝেই কলকাতা-সহ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্ত ও তিনটি সক্রিয় অক্ষরেখার জেরে এমন আবহাওয়া তৈরি হয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ও বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনা ও বর্ধমানসহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শনিবারেও বিক্ষিপ্তভাবে বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও সপ্তাহজুড়ে বৃষ্টির এই দোলাচল চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও মালদহসহ বিভিন্ন পাহাড়ি ও সমতলের জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী ১০ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে সরকারিভাবে বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও পুজোর আগে এই আবহাওয়া থেকে পুরোপুরি রেহাই মিলছে না।