বাংলার আকাশে বিরাট বদল! ৪ নতুন বিমানবন্দর চালুতে চুক্তি, সরাসরি ইউরোপ ফ্লাইটের জোরালো দাবি

উড়ান ২.০ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গকে যুক্ত করে বাংলার আকাশপথে বড়সড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার নবান্নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বাংলার চারটি নতুন বিমানবন্দর চালুর বিষয়ে একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়েছে। পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কালাইকুন্ডা বিমানবন্দরগুলি নতুন করে চালু করা হবে। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু জানান, আগামী দুই বছরের মধ্যে রাজ্যে আটটি বিমানবন্দর তৈরি হবে এবং কেন্দ্র এতে সম্পূর্ণ সহযোগিতা করবে।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বিমান পরিকাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন। তিনি অভিযোগ করেন, অতীতে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের জন্য জমি দেয়নি আগের সরকার। তবে বর্তমান পরিস্থিতিতে কলকাতা থেকে সরাসরি ইউরোপ ও ইংল্যান্ডে বিমান চালুর জোরালো আর্জি জানান তিনি। পাশাপাশি, রাজ্যে একটি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট তৈরিরও আবেদন করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র-রাজ্যের যৌথ এই পদক্ষেপে বাংলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।