নবান্নে পিএমও পরিচয়ে ভুয়ো কাণ্ড, এবার পুলিশের জালে রহস্যময়ী আকাঙ্খার ‘পুরুষসঙ্গী’!

নবান্নে পিএমও পরিচয়ে ভুয়ো কাণ্ড, এবার পুলিশের জালে রহস্যময়ী আকাঙ্খার ‘পুরুষসঙ্গী’!

নবান্নে নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) আধিকারিক পরিচয় দিয়ে গ্রেপ্তার হওয়া আকাঙ্খা বিদ্যার্থীর পর এবার পুলিশের জালে তাঁর সঙ্গী অভিজিৎ মাহাতো। সম্প্রতি নবান্নে পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের ঘরে গিয়ে ভুয়ো পরিচয়ে দেখা করেছিলেন আকাঙ্খা। সেই সময় তাঁর সততা নিয়ে সন্দেহ হওয়ায় মন্ত্রী পরিচয় যাচাইয়ের উদ্যোগ নিলে চম্পট দেন ওই যুবতী। পরবর্তীতে তদন্তে নেমে শিবপুর থানার পুলিশ দিল্লি থেকে আকাঙ্খাকে গ্রেপ্তার করে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদের পর উঠে আসে এই ঘটনার নেপথ্যে থাকা সহযোগী অভিজিতের নাম।

পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার পঞ্চসায়র এলাকা থেকে গ্রেপ্তার হওয়া অভিজিতের কোচবিহারের মাথাভাঙায় একটি আইটি কলেজ রয়েছে। স্থানীয় রাজনৈতিক বাধা কাটিয়ে সেই কলেজটি চালু করতে মন্ত্রীর থেকে বিশেষ সুপারিশ চাইতেই আকাঙ্খাকে ভুয়ো পরিচয়ে নবান্নে নিয়ে যান তিনি। শিবপুর থানার পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অভিজিৎকে গ্রেপ্তার করে হাওড়া আদালতে পেশ করলে আদালত তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উভয়কে মুখোমুখি বসিয়ে জালিয়াতি ও নবান্নে ঢোকার প্রকৃত উদ্দেশ্য জানতে তল্লাশি অব্যাহত রেখেছে তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *