চা চেয়েও জুটল ধমক! ফের কেন বিতর্কে ভাইরাল সেই ‘চা কাকু’?

করোনাকালে ‘খাবো না আমরা চা’ বলে দেশজুড়ে ভাইরাল হওয়া যাদবপুরের মৃদুল দেব ওরফে ‘চা কাকু’ ফের একবার শিরোনামে এলেন। তবে এবার চা খেতে গিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়লেন তিনি। সম্প্রতি যাদবপুরের শ্রীকলোনি বাজারের একটি চায়ের দোকানে চা চাইতে গিয়ে দোকানির সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। অভিযোগ, নির্ধারিত সময়ে চা না পেয়ে তিনি বিরক্তি প্রকাশ করলে দোকানি বাবু পাল তাঁকে কড়া ভাষায় ধমক দেন এবং দোকান থেকে চলে যেতে বলেন। এই ঘটনায় ক্ষুব্ধ মৃদুলবাবুও প্রতিবাদের সুরে দোকান ছাড়েন।
উল্লেখ্য, ২০২০ সালের লকডাউনের সময় চা খাওয়ার আবদার করে রাতারাতি ভাইরাল হয়েছিলেন মৃদুল দেব। সেই সময় তৎকালীন সাংসদ মিমি চক্রবর্তী তাঁর সাহায্যে এগিয়ে এলেও পরবর্তীতে তাঁর নিজের দোকান টিকিয়ে রাখা সম্ভব হয়নি। বর্তমানে নানা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই দিন কাটছে তাঁর। চা কেন্দ্র করে তৈরি হওয়া এই নতুন ঘটনা ফের একবার তাঁর কঠিন বাস্তব পরিস্থিতিকে সকলের সামনে নিয়ে এল।