‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, নাম শুধুই ‘পশ্চিমবঙ্গ’! বিধানসভায় নতুন বিল আনা নিয়ে শমীক ভট্টাচার্যের বড় ঘোষণা

রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ পরিবর্তন করে কেবল ‘পশ্চিমবঙ্গ’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে রাজ্য সরকার খুব শীঘ্রই বিধানসভায় একটি বিল পেশ করতে চলেছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এর আগে ২০২২ সালে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। নাম পরিবর্তনের পাশাপাশি বাংলার ইতিহাস, ভাষা ও সংস্কৃতির প্রসার ঘটাতে এক বিশেষ উদ্যোগের কথা জানানো হয়েছে। বারাণসীতে বাঙালির ঐতিহাসিক যোগসূত্র ও সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় কোচবিহারের রাজপরিবারকে সঙ্গে নিয়ে সেখানে একটি বিশাল সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাবিত কেন্দ্রে একটি লাইব্রেরির পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্য চর্চার বিস্তৃত সুযোগ থাকবে।
একইসঙ্গে বারাণসীর ১৮৪৬ সালে নির্মিত একটি প্রাচীন ও জরাজীর্ণ কালীমন্দির পুনরুদ্ধারের পরিকল্পনাও নতুন করে শুরু করা হচ্ছে। অতীতে বাম আমলে প্রশাসনিক জটিলতা এবং পরবর্তীতে তৃণমূল সরকারের সময়েও নানা চেষ্টার পরও এই কাজ সম্পন্ন হতে পারেনি। সেই সময় গায়ত্রী দেবী মন্দির সংস্কারে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা লালফিতের ফাঁসে আটকে যায়। সম্প্রতি বেনারস সফর শেষে শমীক ভট্টাচার্য স্পষ্ট করেন, কেবল ধর্মীয় স্থান রক্ষা নয়, বারাণসীতে বঙ্গ সংস্কৃতির একটি স্থায়ী পরিকাঠামো গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।