যানজট এড়াতে লালবাজারের মেগা প্ল্যান, গাড়ি না থামিয়েই চলন্ত গতিতে হবে ডিজিটাল ট্রাফিক পরীক্ষা

যানজট এড়াতে লালবাজারের মেগা প্ল্যান, গাড়ি না থামিয়েই চলন্ত গতিতে হবে ডিজিটাল ট্রাফিক পরীক্ষা

কলকাতার সড়ক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ‘নির্ভয়া প্রকল্প-২’-এর আওতায় প্রায় ৫৮ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন (ANPR) ক্যামেরাভিত্তিক এই অত্যাধুনিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)-এর সাথে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। নতুন এই প্রযুক্তি চালুর ফলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একে একে নথি পরীক্ষা করার প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসবে, যা পুলিশ ও চালক দু’পক্ষের সময় সাশ্রয় করার পাশাপাশি ট্রাফিক আইনভঙ্গের ঘটনাও দ্রুত সনাক্ত করতে সহায়তা করবে।

অত্যাধুনিক এই প্রযুক্তিতে এএনপিআর ক্যামেরা দূর থেকেই চলন্ত গাড়ির নম্বরপ্লেট স্ক্যান করে সরকারি তথ্যভাণ্ডারের সঙ্গে তা মিলিয়ে দেখবে। পিইউসি (Pollution Under Control) বা ফিটনেস সার্টিফিকেটের মতো কোনো জরুরি নথির মেয়াদ শেষ হয়ে থাকলে তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পৌঁছে যাবে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাছে, এমনকি আইনভঙ্গকারী গাড়ির মালিকের কাছে সরাসরি ই-চালান পাঠানোর ব্যবস্থাও থাকবে। প্রাথমিকভাবে ‘মা’ উড়ালপুলে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালুর পর সফল হলে ধাপে ধাপে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা ও ট্রাফিক করিডরে তা সম্প্রসারিত করা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে সমগ্র কলকাতায় মোট ৬,৭০০টি সিসিটিভি এবং ৫০টি বিশেষ এএনপিআর ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *