শিষ্যের রহস্যমৃত্যু ও আশ্রম দখলের চক্রান্ত, কেন বৃন্দাবন ছাড়লেন প্রেমানন্দ মহারাজ

শিষ্যের রহস্যমৃত্যু ও আশ্রম দখলের চক্রান্ত, কেন বৃন্দাবন ছাড়লেন প্রেমানন্দ মহারাজ

বৃন্দাবনের বিখ্যাত কেলি কুঞ্জ আশ্রমে শিষ্যের রহস্যজনক মৃত্যুর পর থেকেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। চারতলা থেকে পড়ে শিষ্য দীপক লোধির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তদন্ত শুরু করলেও, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। হিন্দুত্ববাদী নেতা এবং মথুরার একাধিক সাধুর দাবি, কেলি কুঞ্জ আশ্রম এখন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। প্রকৃত সাধুদের পাশাপাশি কিছু অসামাজিক ব্যক্তি ও নকল সন্ত আশ্রমে ঢুকে জমি-সম্পত্তি দখলের কারবারে মেতে উঠেছে। মহারাজের নাম ভাঙিয়ে হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগও সামনে এসেছে।

আশ্রমের ভেতরে এই অশান্ত পরিবেশ, ভণ্ড সন্তদের দাপট এবং শিষ্যের বিয়োগে চরম মর্মাহত হয়ে অবশেষে কেলি কুঞ্জ ছাড়েন প্রেমানন্দ মহারাজ। জানা গিয়েছে, তিনি কেলি কুঞ্জ ছেড়ে প্রায় ২০ কিলোমিটার দূরে বেলবন আশ্রমে গিয়ে অবস্থান করছেন এবং তাঁর সাথে সত্যকার সাধুরাও সেখানে চলে গিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সন্তদের ভাবমূর্তি রক্ষা ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ইতোমধ্যে সিবিআই তদন্তের দাবি উঠেছে। অন্যদিকে, শিষ্যের মৃত্যুর আসল কারণ বের করতে পুলিশি তদন্ত জারি রয়েছে, যা নিয়ে বর্তমানে সমগ্র বৃন্দাবনে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *