‘দলে সুন্দরী ও শিক্ষিত মহিলা চাই, নইলে…!’ কাটোয়ায় বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্যে তুলকালাম

‘দলে সুন্দরী ও শিক্ষিত মহিলা চাই, নইলে…!’ কাটোয়ায় বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্যে তুলকালাম

কাটোয়ায় বিজেপির অন্দরে চরম অসন্তোষ দানা বাঁধল নগর সভাপতির এক বিতর্কিত মন্তব্য ঘিরে। সম্প্রতি কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথ মন্তব্য করেন যে, দলে সুন্দরী ও শিক্ষিত মহিলা না থাকলে পুরনো কর্মীদের ছাঁটাই করা হবে। এই মন্তব্যের জেরে গত রবিবার রাতে ক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ কর্মী ও সমর্থকেরা। নগর সভাপতির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, নতুনদের দলে স্বাগত জানাতে গিয়ে পুরনো কর্মীদের চরম আসাম্মান করা হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাপতির পদত্যাগের দাবিতে সোচ্চার হন কর্মীরা।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে সুমন দেবনাথ এটিকে দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তাঁর মতে, উচ্চ নেতৃত্বের কাছে তাঁকে হেয় প্রতিপন্ন করতেই একটি চক্র এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। এর আগে কাটমানি নেওয়া ও সরকারি দপ্তরে টাকা চাওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। একের পর এক বিতর্কে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় উদ্বেগ বাড়ছে। যদিও এই বিষয়ে রাজ্য বা জেলা নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *