সস্তায় মিলছে ব্রিটিশ স্কচ! দাম কমছে কোন কোন ব্র্যান্ডের?

ভারত ও ব্রিটেনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জেরে কমতে চলেছে একাধিক ব্রিটিশ স্কচ ও জিনের আমদানি শুল্ক। এই চুক্তির ফলে নির্দিষ্ট কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের হুইস্কির দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১০ অক্টোবরের পর দিল্লির বাজারে এর সুফল মিলতে পারে বলে আবগারি দপ্তর সূত্রে জানা গেছে। তবে আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হলেও, বোতলগুলির খুচরা মূল্য সেই অনুপাতে সরাসরি কমবে না।
কারণ, মদের মূল দামের পাশাপাশি রাজ্য সরকারের আবগারি শুল্ক, অন্যান্য কর এবং আমদানিকারকদের মুনাফা এর সঙ্গে যুক্ত থাকে। এছাড়া, সমস্ত ব্রিটিশ ব্র্যান্ড এই শুল্ক ছাড়ের আওতাভুক্ত নয় এবং উৎপাদন বা বোতলজাতকরণের স্থানের ওপর দামের তারতম্য নির্ভর করে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশেও ৫ থেকে ১৫ শতাংশ দাম হ্রাসের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দিল্লির নতুন আবগারি কমিশনারের দায়িত্ব গ্রহণের পরই শুল্ক বৃদ্ধি বা অন্যান্য নীতি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।