জানুয়ারিতেই মিলবে ভগিনী নিবেদিতা প্রকল্পের অর্থ, জেনে নিন কারা ও কীভাবে পাবেন ৫০,০০০ টাকা!

রাজ্যে উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের ঝরে পড়া রোধ করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ‘ভগিনী নিবেদিতা স্কিম’। সরকারি ও সরকারপোষিত কলেজের স্নাতক স্তরের ছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে তিন বছরে মোট ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসেই প্রথম বর্ষের ১৭,০০০ টাকা ছাত্রীদের দেওয়া হবে। পরবর্তী দুই বছরে যথাক্রমে ১৭,০০০ টাকা ও ১৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন পড়ুয়ারা। ১,০০০ কোটি টাকা বরাদ্দের এই বিশেষ উদ্যোগকে কন্যাশ্রীর পর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারী ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। জানুয়ারি ২০২৭ থেকে প্রকল্পটির কার্যকর প্রয়োগ পরিকল্পনা করা হলেও আবেদন পদ্ধতি, বয়সসীমা, পারিবারিক আয়ের শর্তাবলি এবং প্রয়োজনীয় সংক্রান্ত নির্দেশিকা এখনও প্রকাশ পায়নি। সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে বিস্তারিত তথ্য ও নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ছাত্রীদের বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে প্রাতিষ্ঠানিক বিজ্ঞপ্তির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।