বন্ধ হতে চলেছে পেট্রোল বাইকের দৌরাত্ম্য, এবার চালকদের জন্য এল মহাগুরুত্বপূর্ণ নতুন নিয়ম!

মহারাষ্ট্র সরকারের নতুন নির্দেশে বাইক-ট্যাক্সি চালক ও অ্যাগ্রিগেটর সংস্থাগুলোর জন্য এল বড় বদল। মুম্বইসহ রাজ্যজুড়ে উবার, র্যাপিডো বা ইনড্রাইভের মতো সংস্থায় আর চালানো যাবে না পেট্রোল বাইক। দূষণ রোধে এবার পরিষেবা প্রদানকারী সব যানবাহনকে সম্পূর্ণ বৈদ্যুতিন বা ইলেকট্রিক বাইকে রূপান্তরিত করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ কার্যকর করতে ‘মহারাষ্ট্র বাইক ট্যাক্সি বিধিমালা, ২০২৫’-এর অধীনস্থ পরিবহন বিভাগ থেকে মোট নয় মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রথম ৬ মাসের প্রাথমিক লক্ষ্য পূরণ না হলে আরও ৩ মাসের বাড়তি সুযোগ মিলবে, যার মধ্যে ১০০ শতাংশ ইলেকট্রিক বাইক চালু করা আবশ্যক।
রাজ্যের সমস্ত আঞ্চলিক পরিবহন কার্যালয় ও অস্থায়ী লাইসেন্সপ্রাপ্তদের জন্য এই নতুন নিয়ম ইতিমধ্যেই কার্যকর করা শুরু হয়েছে। সরকারের বিশ্বাস, নির্ধারিত সময়ের এই ছাড়পত্র চালকদের ওপর আর্থিক চাপ কমিয়ে ধাপে ধাপে ই-বাইকে স্থানান্তরিত হতে সাহায্য করবে। অন্যদিকে, সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করী ব্যক্তিগত বাইককেও ট্যাক্সি হিসেবে ব্যবহারের অনুমতি দিতে রাজ্যগুলোর কাছে বিশেষ অনুরোধ জানান। তার মতে, সারা দেশে এমন পদক্ষেপে প্রায় ৮ কোটি মানুষের বিশাল কর্মসংস্থান ও নতুন জীবিকার সুযোগ তৈরি হতে পারে।