সোনা-রুপো আমদানিতে ৩ শতাংশ করের সুপারিশ! এবার কি বাড়বে দাম?

দেশের সোনা, রুপো এবং প্ল্যাটিনাম আমদানির ক্ষেত্রে ব্যাংক ও অনুমোদিত সংস্থাগুলির প্রাপ্ত ৩ শতাংশ আইজিএসটি ছাড় সম্পূর্ণ তুলে নেওয়ার সুপারিশ করেছে জিএসটি ফিটমেন্ট কমিটি। ২০১৭ সালে মূল্যবান ধাতু আমদানির প্রক্রিয়া সহজ করতেই এই কর ছাড় চালু করা হয়েছিল। তবে ডিজএফটি-র নতুন তালিকার সঙ্গে জিএসটি বিজ্ঞপ্তির অসঙ্গতির জেরে এই সুপারিশ করা হয়েছে। এই পদক্ষেপ কার্যকর হলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আমদানির সময় অতিরিক্ত ৩ শতাংশ কর দিতে হবে।
আমদানির ক্ষেত্রে এই কর দিতে হলেও আমদানিকারক সংস্থাগুলি ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি পাওয়ার সুবিধা পাবে। ফলে সরাসরি করের বোঝা ৩ শতাংশ না বাড়লেও ব্যাংক ও অনুমোদিত সংস্থাগুলির নগদ অর্থের প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে। এর জেরে সোনা ও রুপোর দামে সরাসরি ৩ শতাংশ মূল্যবৃদ্ধির আশঙ্কা এখনই নেই, তবে ব্যবসায়িক খরচ ও জোগান প্রক্রিয়ায় পরোক্ষ প্রভাব পড়তে পারে।