‘বাংলায় এবার পদ্ম ফুটবে সব আসনেই’, ভাওনগরের মঞ্চে তোষণ ও অনুপ্রবেশ ইস্যুতে সরব শুভেন্দু

২০২৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ৪২টি আসনেই জয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার গুজরাটের ভাওনগরে প্রধানমন্ত্রীর জনপ্রতিনিধি হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই লক্ষ্যমাত্রার কথা জানান তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “মোদীজির নেতৃত্বে আমরা সর্বশক্তি দিয়ে ময়দানে নামব এবং বাংলা থেকে সবকটি অর্থাৎ ৪২টি আসনই জয় করব।” ২০১৯ সালের ১৮টি এবং ২০২৪ সালের ১২টি আসন পাওয়ার পর, ২০২৯ সালের জন্য বিজেপি এই বড় টার্গেট স্থির করেছে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিগত জমানার ভুল নীতি, তোষণের রাজনীতি এবং সদিচ্ছার অভাবের কারণেই বাংলা বহু বছর পিছিয়ে ছিল। তবে বর্তমানে ছবিটা বদলেছে; ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ ও ‘আয়ুষ্মান ভারত’-এর মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আজ পৌঁছে যাচ্ছে কোটি কোটি মানুষের দুয়ারে।
অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমলে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৬০০ কিলোমিটার অংশ বেড়াহীন অবস্থায় ফেলে রাখা হয়েছিল, কারণ বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। এর ফলে লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজ্যে তো বটেই, এমনকি গুজরাটেও ছড়িয়ে পড়েছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দ্রুত পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় জমির ৯০ শতাংশেরও বেশি হস্তান্তর করে সীমান্ত সুরক্ষা জোরদার করেছে। একইসঙ্গে দুর্গাপূজা ও রাম নবমীর মতো ধর্মীয় উৎসবে আগের সরকারের নানা নিষেধাজ্ঞার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, একই দিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ক্যাবিনেট মন্ত্রী ও সাংসদদের পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও নতুন দিল্লি থেকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি বার্তা প্রত্যক্ষ করেন।