‘মিথ্যাচার ভেঙে পাশে দাঁড়িয়েছেন মুসলিম বোনেরাও’, নন্দীগ্রাম-রেজিনগরে বিপুল জয়ের পর নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

‘মিথ্যাচার ভেঙে পাশে দাঁড়িয়েছেন মুসলিম বোনেরাও’, নন্দীগ্রাম-রেজিনগরে বিপুল জয়ের পর নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল সাফল্যের পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোড়া আসনে এই অভাবনীয় ফলাফলের নেপথ্যে সরকারি কল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র বড় ভূমিকা রয়েছে বলে নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট যে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা দু’হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছেন। তিনি নন্দীগ্রামের ৭০ হাজার ৩০০ এবং রেজিনগরের প্রায় ৭০ হাজার অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী মহিলাকে সপরিবারে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

রেজিনগরে বড় ব্যবধানে জয়ের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মহিলাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “রেজিনগরের প্রায় ৩৫,০০০ সংখ্যালঘু মুসলিম দিদি-বোন ও অন্নপূর্ণা প্রাপকরা পরিবারসহ ভোট না দিলে এই বিশাল জয় সম্ভব হতো না। রেজিনগরে আমাদের প্রাপ্ত ভোটের গরিষ্ঠ অংশই সংখ্যালঘু ভোট।” তথ্যের নিরিখে তিনি জানান, রাজ্যে বর্তমানে ১ কোটি ৫৮ লক্ষ অন্নপূর্ণা প্রাপকের মধ্যে ২৪ লক্ষের বেশি মুসলিম মহিলা রয়েছেন। এছাড়া বার্ধক্য ও বিধবা ভাতার সুবিধাও পাচ্ছেন অসংখ্য সংখ্যালঘু পরিবার।

বিরোধী শিবিরের অপপ্রচারকে তুচ্ছ করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গুজব ছড়ানো হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের বাংলাদেশে বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং ধর্মীয় স্বাধীনতায় আঘাত আসবে। কিন্তু বাস্তব পরিস্থিতি দেখার পর মানুষের সেই ভুল ধারণা ভেঙে গেছে। বিরোধীদের সমস্ত মিথ্যাচার ভুল প্রমাণিত হওয়ায় আজ সকল সম্প্রদায়ের মানুষ মূল স্রোতে ফিরে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এগিয়ে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *