সিউড়িতে হামলার পরই তৎপর প্রশাসন: ফের রাজ্য সরকারের সশস্ত্র নিরাপত্তারক্ষী পাচ্ছেন অনুব্রত মণ্ডল
সিউড়ি: সিউড়ির কার্যালয়ে হামলা ও হুমকির মুখে পড়ার কয়েক দিনের মধ্যেই বীরভূমের রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী বরাদ্দ করল রাজ্য সরকার। শুক্রবার সরকারের পক্ষ থেকে তাঁর সুরক্ষায় এই বডিগার্ড মোতায়েন করা হয়।
সম্প্রতি সিউড়িতে অনুব্রত মণ্ডলের কার্যালয়ে আচমকাই ঢুকে পড়ে তিন যুবক। সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অনুব্রত মণ্ডলের কলার ধরে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে প্রবল শোরগোল পড়ে যায়। ঘটনার পরপরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর শিবিরের একাধিক তৃণমূল নেতা অনুব্রতর সঙ্গে দেখা করতে যান।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর অনুব্রত মণ্ডলের রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত তাঁর সঙ্গে কেবল ব্যক্তিগত নিরাপত্তারক্ষীই থাকত। কিন্তু সিউড়ির এই সাম্প্রতিক হামলার পর আবারও তাঁকে সরকারি সশস্ত্র নিরাপত্তা প্রদান করা হলো।
তবে নিরাপত্তারক্ষী ফেরানো নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কারও জীবনহানির আশঙ্কা থাকলে পুলিশ তাঁকে নিরাপত্তা দিতেই পারে। তবে অপরাধী হলে কেউ পার পাবে না। অনুব্রত মণ্ডল অপরাধী, সে কারণেই তাঁকে জেল খাটতে হয়েছে।”
অন্য দিকে, ঘটনাটিতে অনুব্রতর দলের অভ্যন্তরীণ বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত কাজল শেখের প্রতিক্রিয়া নেওয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। যদিও এই হামলার পরপরই কাজল শেখ কটাক্ষ করে দাবি করেছিলেন, “এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা। শুধুমাত্র রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী ফিরে পাওয়ার জন্যই অনুব্রত মণ্ডল নিজে এই নাটক তৈরি করেছেন।”