‘দাবি না মানলে উঠবে না অবরোধ’, বাঁকুড়ায় সাঁওতালি শিক্ষার্থীদের আন্দোলনের জের অচল সড়ক

বাঁকুড়া: স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েও স্থানীয় স্তরে বিএড করার সুযোগ না থাকার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া। সাঁওতালি ভাষায় পৃথক বিএড কলেজ প্রতিষ্ঠা বা অবিলম্বে বিএড পঠনপাঠনের জন্য পৃথক ইউনিট গড়ে তোলার দাবিতে শুক্রবার বাঁকুড়ার ধলডাঙা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলেন শিক্ষার্থীরা। ‘সাঁওতালি মিডিয়াম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর আহ্বানে আয়োজিত এই আন্দোলনের জেরে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।
আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যজুড়ে সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তর স্তরের পঠনপাঠন চালু থাকলেও পরবর্তীতে বিএড করার মতো কোনো পরিকাঠামো নেই। ফলে উচ্চশিক্ষা শেষ করার পরও শিক্ষকতার মতো পেশাগত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ওই মাধ্যমের তরুণ-তরুণীরা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে বারবার লিখিত দরখাস্ত জমা দিয়েও সমাধান মেলেনি বলে অভিযোগ আন্দোলনকারীদের।
বিক্ষোভকারী ছাত্র বীরেন্দ্র সরেন জানান, ২০০৭-০৮ শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠন শুরু হলেও বিএড শিক্ষার ব্যবস্থা আজ পর্যন্ত করা হয়নি। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে বাধ্য হয়েই শেষমেশ পথ অবরোধের রাস্তা বেছে নিতে হয়েছে।
শিক্ষার্থীদের একটাই স্পষ্ট দাবি, বাঁকুড়ার ধলডাঙাতে অবিলম্বে সাঁওতালি মাধ্যমে বিএড পড়ার সুনির্দিষ্ট ব্যবস্থা চালু করতে হবে। সরকার এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথেই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।