মোদির প্রশংসায় সমাজবাদী পার্টির প্রার্থী! অস্বস্তিতে অখিলেশ যাদব?

উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিপাকে পড়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। দলের দ্বিতীয় নিশ্চিত আসনে রিলায়েন্সের শীর্ষকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী ধনরাজ নাথওয়ানিকে প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। কিন্তু মনোনয়ন পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে দলের অন্দরেই রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি। দেশজুড়ে বিরোধী ইন্ডিয়া জোটের ধারাবাহিক কেন্দ্রের সমালোচনার মুখে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির প্রার্থীর এমন মন্তব্য দলীয় নেতৃত্বকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের প্রশাসনিক সেবাকাল পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা দিয়েছেন ধনরাজ নাথওয়ানি। তিনি উল্লেখ করেন, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে মোদির এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাঁর এই শাসনকালকে নিষ্ঠা ও সেবার প্রতীক হিসেবে অভিহিত করেছেন ধনরাজ। উল্লেখ্য, ধনরাজের পরিবার আগে থেকেই এনডিএ শিবিরের ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে আসন্ন রাজ্যসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।