জঙ্গি বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বলে বিপাকে! গ্রেপ্তার মেহবুবা মুফতির দলের শীর্ষ নেতা

জঙ্গি বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বলে বিপাকে! গ্রেপ্তার মেহবুবা মুফতির দলের শীর্ষ নেতা

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড়ায় এক জনসভায় হিজবুল মুজাহিদিন কমান্ডার জঙ্গি বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বলে উল্লেখ করে বিতর্কে জড়ালেন পিডিপির শীর্ষ নেতা আবদুল কবির। দলীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বুরহানের মৃত্যুর পর বিজেপির নেতারা ক্ষতিপূরণ নিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে চরম সমালোচনার ঝড় ওঠে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবদুল নিজের মন্তব্যের পক্ষে সাফাই গেয়ে বলেন, স্বাধীন দেশে নিজের পছন্দমতো কথা বলার অধিকার তাঁর রয়েছে। দেশজুড়ে এই আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় পুলিশ দ্রুত পদক্ষেপ করে ওই পিডিপি নেতাকে গ্রেপ্তার করেছে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন ‘রুটস ইন কাশ্মীর’ এবং বিজেপি। সংগঠনের মুখপাত্র অমিত রায়না বলেন, একজন সন্ত্রাসী কমান্ডারকে শহিদের মর্যাদা দিয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের ক্ষতে নুন ছিটানো হচ্ছে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও তোষণের রাজনীতির অভিযোগ তোলা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে সেনার এনকাউন্টারে নিহত হয় তৎকালীন হিজবুল মুজাহিদিনের পোস্টার বয় তথা কুখ্যাত জঙ্গি বুরহান ওয়ানি। একজন চিহ্নিত সন্ত্রাসীকে মহিমান্বিত করার এই ঘটনায় উপত্যকায় নিরাপত্তা ও রাজনৈতিক মহলে নতুন করে অসন্তোষ দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *