আসামের নৃত্যশিল্পীর রহস্যমৃত্যু! রেললাইনের ধার থেকে উদ্ধার দেহ, শেষ মেসেজে লিখেছিলেন ‘অনেক লোক ঘিরে ধরেছে’

আসামের বিশাখাপত্তনমে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে রেললাইনের ধার থেকে এক ২০ বছর বয়সি নৃত্যশিল্পীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ডিব্রুগড়গামী বিবেক এক্সপ্রেসে ওঠার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই তরুণী। পরিবারের দাবি, ট্রেন যাত্রার সময় তিনি আতঙ্কিত হয়ে বারবার মেসেজ করে জানান যে, কামরার অধিকাংশ যাত্রী পুরুষ এবং তাঁকে অনেকে ঘিরে ধরেছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় যৌন নির্যাতন ও হত্যার আশঙ্কা করছেন তদন্তকারীরা।
কামরূপ জেলার বাসিন্দা তথা গুয়াহাটির এক কলেজের ওই ছাত্রী তৎকাল টিকিট না পেয়ে বিশাখাপত্তনম স্টেশন থেকে একাই ট্রেনে ওঠেন। নির্ধারিত সময়ে তিনি গন্তব্যে না পৌঁছানোয় পরিবার রেল পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশ বিবেক এক্সপ্রেসের একটি কামরা থেকে তাঁর ব্যাগ উদ্ধার করে এবং শ্রীকাকুলামের জঙ্গলঘেরা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্টেশনের সিসিটিভি ফুটেজে তাঁর সঙ্গে এক ব্যক্তিকে দেখা যাওয়ায় পুলিশ ও আরপিএফ যৌথভাবে ওই ব্যক্তির সন্ধান শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।