ছাত্রী নির্যাতনের বিস্ফোরক অভিযোগ! জেএনইউ-এর অধ্যাপকের চাকরি খোয়ালেন কংগ্রেস সাংসদ

ছাত্রী নির্যাতনের বিস্ফোরক অভিযোগ! জেএনইউ-এর অধ্যাপকের চাকরি খোয়ালেন কংগ্রেস সাংসদ

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ-এর একাধিক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগে শেষপর্যন্ত চাকরি হারাতে হলো কংগ্রেস সাংসদ তথা অধ্যাপক আংগমচা বিমল আকইজামকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিস বিধি অনুযায়ী এই কঠোর পদক্ষেপ করা হয়েছে। গত মে মাসে জেএনইউ-এর ১১ জন ছাত্রী তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের করেন। দীর্ঘ চার মাস আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তিশ্রী ডি পণ্ডিতের সই করা নির্দেশিকায় বরখাস্তের এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে গত মাসে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। স্বচ্ছ তদন্তের দাবি তোলার পাশাপাশি কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং বাম ছাত্র সংগঠনগুলির নীরবতা নিয়েও তীব্র প্রশ্ন তোলে তারা। অন্যদিকে, দিল্লি মহিলা কমিশনও এই বিষয়ে জেএনইউ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছিল। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আকইজাম দাবি করেছেন যে, চক্রান্ত করে তাঁর দুর্নাম করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, আকইজাম জেএনইউ-এর সোশ্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ছিলেন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মণিপুর থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে সংসদ সদস্য হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *