পঞ্চমী থেকে দশমী শিয়ালদহে বড় বদল! বন্ধ পার্কিং, মিলবে না ডিজিটাল লকারও

পঞ্চমী থেকে দশমী শিয়ালদহে বড় বদল! বন্ধ পার্কিং, মিলবে না ডিজিটাল লকারও

দুর্গাপুজোর কদিন জনসমুদ্র সামাল দিতে নজিরবিহীন নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের প্রস্তুতি নিল শিয়ালদহ ডিভিশন। রেলের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ স্টেশনে সমস্ত ধরনের পার্কিং এবং ডিজিটাল লকার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্টেশন চত্বরে চব্বিশ ঘণ্টা সিসিটিভি নজরদারির পাশাপাশি নির্দিষ্ট হোল্ডিং এরিয়া ও প্ল্যাটফর্ম পৃথকীকরণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ এবং জিআরপির যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হয়েছে।

নিরাপত্তার চাদরে মোড়াতে স্টেশনগুলিতে ২৭০ জন প্রাক্তন সেনাকর্মী এবং অতিরিক্ত রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স বা RPSF বাহিনী মোতায়েন করা হবে। জনবহুল ফুটওভার ব্রিজগুলিতে স্কাউটস অ্যান্ড গাইডস এবং সিভিল ডিফেন্সের কর্মীরাও দায়িত্ব পালন করবেন। জরুরি চিকিৎসা পরিষেবার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। তবে যাত্রীদের সুবিধার্থে সমস্ত অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, মোবাইল ইউটিএস পরিষেবা এবং অতিরিক্ত টিকিট কাউন্টারগুলি খোলা থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য শিয়ালদহ ডিভিশনের ডেডিকেটেড ওয়ার রুমের ৯১৪৭৯০৬৭৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *