সমুদ্রসীমায় বাড়ল সেনার চোখ, জলে নামল ভারতীয় নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ শ্রেয়স

সমুদ্রসীমায় বাড়ল সেনার চোখ, জলে নামল ভারতীয় নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ শ্রেয়স

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামুদ্রিক সংঘাত ও অস্থিরতার আবহে ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে জলে নামল নতুন অফশোর পেট্রল ভেসেল ‘শ্রেয়স’। শনিবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর ডকে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল অজয় কোচ্ছার উপস্থিত ছিলেন। মাত্র পাঁচ মাসের মধ্যে ভারতীয় নৌবাহিনীর জন্য এটি তৃতীয় অফশোর পেট্রল ভেসেল, যার ৬৮ শতাংশ নির্মাণকাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অজয় কোচ্ছার জিআরএসইর কর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে জানান, আন্তর্জাতিক পরিস্থিতিতে সমুদ্রে দীর্ঘসময় নজরদারি ও নিরবচ্ছিন্ন উপস্থিতি বজায় রাখতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই পরবর্তী প্রজন্মের অফশোর পেট্রল ভেসেলটি সামুদ্রিক নজরদারি, জলদস্যু দমন, উদ্ধার অভিযান এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। বর্তমানে ভারতের বিভিন্ন শিপইয়ার্ডে ৪২টিরও বেশি জাহাজ নির্মাণাধীন এবং ৭৮টি জাহাজ ও সাবমেরিনের কাজ চলছে, যা ‘আত্মনির্ভর ভারত’ গড়ার বড় প্রমাণ। জিআরএসই এ পর্যন্ত ১০০টিরও বেশি জাহাজ সরবরাহ করার পাশাপাশি মরিশাস, সেশেলস ও গায়ানাতেও নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছে। প্রয়োজনীয় অস্ত্র, সেন্সর ও সরঞ্জাম বসানোর পর সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই শ্রেয়স-কে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *