রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিয়ে নাটক! রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ সম্বিত পাত্রের

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ‘ভোট চুরি’ সংক্রান্ত মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে বিজেপি ও কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অকারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাস্তার রাজনীতিতে টানছেন বলে সরাসরি অভিযোগ তুলেছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। শুক্রবার ইন্ডিয়া জোটের একটি প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি ও চার দফা স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে রাষ্ট্রপতি ভবনে যায়। বৈঠক শেষে রাহুল গান্ধী দাবি করেন, ভোটে অনিয়মের অভিযোগ রাষ্ট্রপতি সরাসরি অস্বীকার করেননি বরং প্রমাণের কথা বলেছেন। এই মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, প্রায় এক বছর ধরে বিরোধীরা ভোট কারচুপির অভিযোগ তুললেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় তার সপক্ষে কেন কোনো প্রমাণ জমা দেওয়া হলো না? প্রোটোকল লঙ্ঘন করে বৈঠকটিকে রাজনৈতিক স্বার্থে নাটকে পরিণত করা হয়েছে বলে দাবি করেন তিনি। রাহুলের দাবিকে বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করে বিজেপি জানিয়েছে, সাংবিধানিক পদকে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধী শিবির।