সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল! দিল্লির আন্দোলন ঘিরে আকুতির মাঝেই মেট্রো বন্ধে বড় পদক্ষেপ শীর্ষ আদালতে

দেশের শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশকে অবজ্ঞা করে দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখার অভিযোগ উঠল। ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই এই নজিরবিহীন পদক্ষেপে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। গত শুক্রবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে গণপরিবহন সম্পূর্ণরূপে বন্ধ করা যায় না। কিন্তু সেই নির্দেশকে অগ্রাহ্য করেই সমস্ত করিডর কার্যত বন্ধ করে দিল্লি শাটডাউন করায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে। এই পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে শনিবারই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
এদিন শীর্ষ আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠী। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এবং দিল্লি মেট্রো কর্পোরেশনের চেয়ারপার্সন ডি থারাকে বিবাদী করা হয়েছে। আবেদনে অভিযোগ করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক ট্রেন বাতিল করে সাধারণ মানুষকে অসহায় অবস্থায় ফেলে রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্টভাবে বলেছিল যে, অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা গেলেও সবকিছু বন্ধ করে দিয়ে জনজীবনকে বিপর্যস্ত করা আইনসম্মত নয়। আদালতের সেই নির্দেশ লঙ্ঘিত হওয়ার পরেই এই আইনি পদক্ষেপ রাজ্য তথা জাতীয় রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।