‘আমাকে কিডন্যাপ করা হয়েছে!’ দেড় ঘণ্টা পুলিশ ভ্যানে ঘোরার পর বিস্ফোরক দাবি মমতার

নয়া দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষার (BNS) ১৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বাসস্থান থেকে আটক করার পর প্রায় দেড় ঘণ্টা শহরজুড়ে প্রিজন ভ্যানে ঘুরিয়ে অবশেষে তাঁদের দ্বারকা থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নেমেই তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তাঁকে ‘কিডন্যাপ’ করা হয়েছে। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন পুলিশের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানান এবং অন্যায়ভাবে সাধারণ মানুষের মতো রাস্তায় ঘোরানোর অভিযোগ তুলে সরব হন। একই দিনে কেরলের পিনারাই বিজয়ন, ত্রিপুরার মানিক সরকার এবং দিল্লির অরবিন্দ কেজরীওয়ালকেও আটক করা হয়।
বিক্ষোভের জেরে শনিবার রাতে কলকাতা ফেরার পূর্বনির্ধারিত বিমানটি বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ঘটনার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁকে ফোন করে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। জানা গেছে, আগামী সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের পরিকল্পনা রয়েছে, যেখানে রাহুল গান্ধীর পাশাপাশি অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কালীঘাটপন্থী তৃণমূল নেতাদের দাবি, তাঁরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলেন, কিন্তু পুলিশ অন্যায়ভাবে তাঁদের আটক করেছে। থানা প্রাঙ্গণে প্রবেশ করার সময়ও নেতা-নেত্রীদের কেন্দ্রবিরোধী স্লোগান দিতে দেখা যায়, যা বর্তমানে দিল্লির রাজনীতির পারদ চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে।