দীপকে আটক হতেই দায়িত্বে ‘অচেনা’ অজিঙ্ক শিন্দে! কে এই নতুন মুখ?

‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তাঁর দুই সহযোগীর আটকের পরেই দলের নেতৃত্বে চলে এসেছেন অজিঙ্ক শিন্দে। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি ভেস্তে যাওয়ার আগেই দীপকে ঘোষণা করে গিয়েছিলেন যে, তাঁকে গ্রেফতার করা হলে আন্দোলনের ব্যাটন থাকবে অজিঙ্কের হাতেই। এরপর থেকেই মহারাষ্ট্রের আলিবৌগের এই যুবককে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র কৌতূহল। কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাসের পর পুণের একটি আইটি সংস্থায় কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে চাকরি ছেড়ে রাজনীতিতে পা রাখেন অজিঙ্ক।
প্রথমে আম আদমি পার্টির (আপ) সঙ্গে যুক্ত হয়ে ২০১৬ সালের গোয়া বিধানসভা নির্বাচনে প্রচার চালান এবং মহারাষ্ট্রেও দলের কাজ করেন। তবে সিজেপির জন্মলগ্ন থেকেই দীপকেদের পাশে থাকা অজিঙ্ক বর্তমানে দলটির জাতীয় সাংগঠনিক ইনচার্জ। নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন থেকে শুরু করে সিজেপির কোর কমিটি— সব জায়গাতেই তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। শনিবার দিল্লি বিমানবন্দরে দীপকে-রা আটক হওয়ার পর রাজপথে নামতে না পারলেও, পিছন থেকে দক্ষতার সঙ্গেই পুরো আন্দোলনের হাল ধরেছেন সিজেপির এই নতুন কাণ্ডারি।