পুজোর আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! বঞ্চিতদের বড় স্বস্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতোই এগিয়ে চলেছে ‘অন্নপূর্ণা যোজনা’। প্রতি মাসেই সরকারি এই প্রকল্পে যুক্ত হচ্ছেন লক্ষ লক্ষ নতুন উপভোক্তা। গত সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে উপকৃত হয়েছেন বাংলার দেড় কোটিরও বেশি মহিলা। ইতিমধ্যে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০০০ টাকা ট্রান্সফারও করা হয়েছে। তবে যাঁদের নাম তালিকায় থাকলেও এখনও টাকা ঢোকেনি, তাঁদের জন্য এল বড় আপডেট।
সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা হওয়া শুরু হয়েছিল। বাংলার দেড় কোটিরও বেশি উপভোক্তা ৩০০০ টাকা করে পেলেও, অনেক জায়গায় লক্ষ লক্ষ উপভোক্তার বঞ্চিত থাকার অভিযোগ ওঠে। অনেকেরই অভিযোগ, সমস্ত নিয়ম মেনে ফর্ম পূরণ করা এবং যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা সরকারি টাকা পাননি। যা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছিল।
এই পরিস্থিতিতে বঞ্চিত আবেদনকারীদের আশ্বস্ত করতে আসরে নামেন মুখ্যমন্ত্রী। গত মাসের শেষে বর্ধমানে এক জনসভায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অন্নপূর্ণা যোজনার যোগ্য অথচ বকেয়া থাকা প্রাপকরা এই অক্টোবরের মধ্যেই টাকা পেয়ে যাবেন।
বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়েছে, পুজোর আগেই তাঁদের বাকিদেরও টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর থেকেই স্বাভাবিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বঞ্চিত উপভোক্তারা। সামনেই দুর্গাপূজা, আর তার আগেই বকেয়া টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।