টাকা দিয়ে মণ্ডপে প্রবেশ! টালা প্রত্যয়ের পুজোয় টিকিটের বহর দেখে মাথায় হাত দর্শনার্থীদের!

মহালয়ার রেশ কাটতে না কাটতেই কলকাতার অন্যতম আকর্ষক দুর্গাপুজো টালা প্রত্যয় মণ্ডপ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের আগেই প্যান্ডেলে প্রবেশ করে প্রতিমা দর্শনের জন্য সাধারণ দর্শনার্থীদের কাছ থেকে নির্দিষ্ট অর্থ নেওয়া হচ্ছে। তৃতীয়ার এই প্রিভিউ শো দেখার জন্য প্রবেশমূল্য ও সাউন্ড সিস্টেমের অভিজ্ঞতা নেওয়ার নামে মাথাপিছু টাকা আদায়ের এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন পুজোপ্রেমীরা। ভিড় জমানোর আগেই প্যান্ডেলে এ ধরনের বাণিজ্যিকীকরণের প্রবণতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই নজিরবিহীন সিদ্ধান্তের বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে সাফাই দিয়ে জানানো হয়েছে, শেষ মুহূর্তে বেশ কয়েকজন স্পনসর ও বিজ্ঞাপনদাতা নানা কারণে আর্থিক সাহায্য প্রত্যাহার করে নেন। ফলে পুজোর বিশাল খরচ সামলানো কঠিন হয়ে দাঁড়ানোয় কেবল চতুর্থীর আগের প্রিভিউ শোয়ের দিনগুলোর জন্যই এই সাময়িক টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তবে উদ্যোক্তারা স্পষ্ট করেছেন যে, স্থানীয় বাসিন্দাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পণ্ডপে প্রবেশের সুবিধা রাখা হয়েছে। এর আগে অতীতেও এই পুজোয় প্রি-পুজো ভিজিটের নামে এন্ট্রি ফি নেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল, যা এবার নতুন মাত্রা পেয়েছে।