বলিউডকে ‘হিন্দুফোবিক’ বলে বিস্ফোরক দাবি একতার! কেন এমন মন্তব্য করলেন তিনি?

কপালে গেরুয়া তিলক কাটা এবং হাতে রুদ্রাক্ষের মালা বা আংটি পরিধান করার জন্য বারবার কটাক্ষের শিকার হয়েছেন বিখ্যাত প্রযোজক একতা কাপুর। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন যে বলিউড ইন্ডাস্ট্রি মূলত হিন্দুফোবিক। তাঁর মতে, হিন্দু ধর্ম, পৌরাণিক কাহিনি বা সংস্কৃতি নিয়ে আলোচনা করলেই এই মহলে এক ধরণের অনীহা এবং নেতিবাচক মনোভাব দেখতে পাওয়া যায়। নিজের ব্যক্তিগত সাজসজ্জা এবং খোলামেলা ধর্মীয় বিশ্বাসের কারণে তাঁকে যে সামাজিক উপহাস ও তান্ত্রিকের মতো কটূক্তির মুখোমুখি হতে হয়েছে, সেকথাও তিনি অকপটে তুলে ধরেছেন।
একতা কাপুর স্পষ্ট জানিয়েছেন যে নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করতে তিনি বিন্দুমাত্র লজ্জা পান না এবং লুকোছাপা করে পুজো করার কোনো অর্থই হয় না। তিনি প্রশ্ন তোলেন যে কপালে তিলক কাটা বা হাতে পবিত্র সুতো পরা কীভাবে অদ্ভুত বা বিদঘুটে সাজসজ্জা হতে পারে। নিজের ধর্মে গর্বিত এই প্রযোজক আরও উল্লেখ করেন যে তিনি কখনো অন্য কোনো ধর্মকে আসাম্মান বা বিদ্রূপ করেননি, তাই তাঁকেও অন্যায় আক্রমণের মুখে পড়তে হবে কেন। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে বিনোদন জগতে হিন্দু সংস্কৃতির চর্চা এবং অসহিষ্ণুতার প্রসঙ্গটি আবারও তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।