পুজোর মুখেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন সন্দীপ ঘোষ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন শ্রীলেখা!

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও বন্দিদশার কথা বিবেচনা করে বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং প্রশান্ত বি বরলের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ২০২৪ সালে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। ওই ঘটনার সময় হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীনই দুর্নীতির অভিযোগে তাঁকে সিবিআই গ্রেফতার করেছিল।
এই জামিনের খবরের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি নাম না করে একটি পোস্টে লেখেন, ‘অসুর ছাড়াও পেয়ে গেলো?!!!!!’ যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের পর থেকে চিকিৎসকদের আন্দোলন ও বিচার দাবিতে সোচ্চার হয়েছিলেন শ্রীলেখা। এই রায়ের ফলে সাধারণ মানুষ ও প্রতিবাদী মহলে নতুন করে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।