দুর্গাপুরে খনির অতলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা! ২০০ ফুট গভীরে আটকে ১২ শ্রমিক

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারিতে বড়ো ধরণের বিপত্তি ঘটেছে। সোমবার সন্ধ্যায় কয়লা উত্তোলনের পর উপরে ওঠার সময় যান্ত্রিক ত্রুটির কারণে খনির ২০০ ফুট গভীরে ডুলি আটকে যায়। এর ফলে সেখানে আটকা পড়েন ১২ জন শ্রমিক। ঘটনার পর চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাঁদের সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিক ও স্থানীয় বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি। প্রশাসনের তদারকিতে আটকে থাকা শ্রমিকদের কাছে ইতিমধ্যেই পানীয় জল ও খাবার পাঠানো হয়েছে। পাশাপাশি, তাঁদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন খনি কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল।
এই মর্মান্তিক ঘটনায় খনি এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত যান্ত্রিক রক্ষণাবেক্ষণ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে শ্রমিকদের পরিবার ও স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ওই কোলিয়ারিতে ডুলি আটকে যাওয়া বা দড়ি ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা আকছার ঘটে। বারবার এমন ঝুঁকি তৈরি হলেও স্থায়ী সমাধান করা হচ্ছে না কেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। ঘটনার জেরে গোটা এলাকায় গভীর উৎকণ্ঠা ও চাঞ্চল্য ছড়িয়েছে। খনির ভিতরে আটকে থাকা শ্রমিকদের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন পরিবারগুলি। কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক গোলযোগ কাটিয়ে শ্রমিকদের অক্ষত অবস্থায় বাইরে বের করে আনার সবরকম চেষ্টা চলছে।