দুর্গাপুজোর কোটি টাকার পাস দুর্নীতি! সিজিও কমপ্লেক্স থেকে বের হতেই গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

পুজোর পাস বিক্রির নামে কোটি কোটি টাকা জালিয়াতির মামলায় অবশেষে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার বিকেলে ইডি-র সিজিও কমপ্লেক্সের দফতরে জিজ্ঞাসাবাদ শেষে বাইরে পা রাখতেই তাঁকে ধরে ফেলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে জানা গেছে, বারবার তলব করা সত্ত্বেও তদন্তে একেবারেই সাড়া দিচ্ছিলেন না তিনি। এমনকি আদালতের দরজায় চক্কর কাটলেও পুলিশের মুখোমুখি হওয়া এড়িয়ে চলছিলেন। তাই দুপুর থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে বিশাল বাহিনী মোতায়েন করে ওঁৎ পেতে বসেছিলেন গোয়েন্দারা। সুজিত বসুর পর মমতা সরকারের আরও এক প্রভাবশালী মন্ত্রীর এই গ্রেফতারিতে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
অভিযোগ, ইউনেস্কোর নাম অপব্যবহার করে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর সংস্থা ‘মাস আর্ট’-এর মাধ্যমে চড়া দামে ভিআইপি পুজোর পাস ও টিকিট বিক্রি করা হতো। এই গুরুতর কাণ্ড নিয়েই ইডি তদন্তে নামে এবং তাঁর বাড়িতে তল্লাশি চালায়। হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানালেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তা খারিজ করে দেয়। এরপর গ্রেফতারি এড়াতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও বিচারপতি দীপঙ্কর দত্ত ব্যক্তিগত কারণে শুনানি থেকে সরে দাঁড়ান। আগাম জামিন সংক্রান্ত পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর ধার্য হলেও, তার আগেই পুলিশের হাতে বন্দি হলেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী।