গ্রেপ্তারের পরও আগাম জামিনের মরিয়া চেষ্টা! সুপ্রিম কোর্টে তুমুল ধাক্কা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের

ইউনেস্কোর নাম ও লোগো জাল করে পুজোর পাস বিক্রি এবং টুরিস্ট লজ সংস্কার থেকে শুরু করে বইমেলা, গানমেলা ও চলচ্চিত্র উৎসবের সরকারি টেন্ডারে ৩০০ কোটি টাকারও বেশি কাটমানি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গ্রেপ্তারির দু’দিনের মাথায় সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের দ্রুত শুনানির আর্জি উঠলে কড়া অবস্থানের মুখে পড়েন তিনি। বিচারপতি স্পষ্ট জানান, গ্রেপ্তার হওয়ার পর আগাম জামিনের আবেদনের কোনো প্রাসঙ্গিকতাই থাকে না। অত্যন্ত গুরুতর অভিযোগ হওয়ায় প্রাক্তন মন্ত্রীকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতার পরামর্শ দিয়ে প্রয়োজনে নিয়মিত জামিনের আর্জি জানানোর কথা বলে আদালত। সর্বোচ্চ আদালতের এই কড়া পর্যবেক্ষণের পর বাধ্য হয়ে আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন তিনি।
পুলিশি তদন্তে উঠে এসেছে ব্যাপক আর্থিক অনিয়ম ও স্বজনপোষণের চাঞ্চল্যকর সব তথ্য। মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে উপযুক্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ‘মাস আর্ট সোসাইটি’, ‘গিডি ক্রিয়েশন’, ‘থার্ড আই ক্রিয়েশন’ ও ‘রূপকার’-এর মতো একাধিক ঘনিষ্ঠ সংস্থাকে শত শত কোটি টাকার বেআইনি টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, এই বরাতের বিনিময়ে বিপুল অঙ্কের কাটমানির টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘুরে সরাসরি ইন্দ্রনীল সেনের নিজের এবং তাঁর স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে পৌঁছেছে। জালিয়াতি ও কোটি কোটি টাকার এই বিশাল দুর্নীতি চক্রের মূল রহস্য উদঘাটন করতে আদালত তাঁকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।