স্বচ্ছ যমুনায় ডুব দিয়ে জল পান সাংসদের! বিরোধীদের ছুঁড়লেন সাঁতার কাটার চ্যালেঞ্জ

দিল্লির যমুনা নদীর দূষণ নিয়ে শীতের শুরুতেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। এবার সমস্ত বিতর্কের অবসান ঘটাতে খোদ দিল্লির সোনিয়া বিহার ঘাটে যমুনা নদীতে নেমে ডুব সাঁতার দিলেন এবং নদীর জল পান করলেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে তাঁকে নদীতে সাঁতার কাটতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আপ এবং কংগ্রেস জমানাকে তীব্র নিশানা করেছেন তিনি। মনোজ তিওয়ারির দাবি, অতীতে যমুনার দূষণের দায় হরিয়ানার ঘাড়ে চাপানো হলেও, বিজেপি সরকার দেড় থেকে দুই বছরের মধ্যেই নদীকে দূষণমুক্ত করে পরিষ্কার করে তুলেছে। এমনকি যমুনার জলে পরিযায়ী পাখিদের উপস্থিতির কথাও তুলে ধরে তিনি দাবি করেন, নদীর জলের মানের অনেকটাই উন্নতি হয়েছে।
বিজেপি সাংসদের এই কর্মকাণ্ডের পরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। দিল্লির বিরোধী দলগুলির পাল্টা দাবি, যমুনার যে নির্দিষ্ট অংশটি নিয়ে এই চর্চা চলছে, সেই ২৬ কিলোমিটার অংশ বরাবরই তুলনামূলকভাবে পরিষ্কার থাকে। আপের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত সরকারের আমলেও এই অংশটি যথেষ্ট পরিষ্কার ছিল। শীতের মরশুমে দিল্লির বিষাক্ত বায়ু এবং নদী দূষণের মতো গুরুতর পরিবেশগত সমস্যাগুলি বরাবরই বিধানসভা নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হয়ে থাকে। এর আগে যমুনার বুকে বিষাক্ত ফেনার স্তূপ জমে যাওয়ার ঘটনাও রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বর্তমান পরিস্থিতিতে নদীর জল পরিষ্কার হয়েছে কি না, তা প্রমাণ করতে অরবিন্দ কেজরিওয়াল ও রাহুল গান্ধীকে যমুনার জলে নেমে সাঁতার কাটার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মনোজ তিওয়ারি।