‘আলু থেকে সোনা বানায় এরা!’ ইরান যুদ্ধের আবহেই গুজরাটে রাহুলকে তোপ মোদির, ফাঁস ষড়যন্ত্রের ছক

বিশ্বজুড়ে ইরান যুদ্ধের ঘনঘটার মাঝেও ভারতের স্থিতিশীল অগ্রগতির চিত্র তুলে ধরে গুজরাটের বনসকাঁটায় বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করে তিনি অভিযোগ করেন, যুদ্ধের সময় দেশে সার ও রান্নার গ্যাসের সংকট তৈরি হবে—এমন গুজব ছড়িয়ে মানুষের মনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছিল। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল তাঁকে বদনাম করা। তবে মোদি সরকার বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির প্রভাব ভারতীয় কৃষকদের ওপর পড়তে দেয়নি উল্লেখ করে তিনি জানান, বিশ্বজুড়ে এক বস্তা সারের দাম ৩০০০ টাকা হলেও ভারতে তা মিলছে ৩০০ টাকারও কমে।
বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এক পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। বনসকাঁটার আলু চাষিদের প্রশংসা করে মোদি সখ্যতার সুরে বলেন, এখানকার আলু বিশ্বখ্যাত হলেও কেউ আলু থেকে সোনা বানানোর প্রতিশ্রুতি দেয় না, যা কেবল কিছু বিশেষ লোকই দাবি করে থাকেন। এই গুজবের জবাব দিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার মাঝেও মোদি সরকার দেশবাসীকে সুরক্ষা দিতে এবং পণ্যের জোগান বজায় রাখতে সম্পূর্ণ সফল হয়েছে। ভারতের এই ধারাবাহিক উন্নয়ন আজ সমগ্র বিশ্বের কাছে নতুন আশার প্রতীক হয়ে উঠেছে।