বিচারব্যবস্থা নিয়ে আপত্তিকর মন্তব্য! ককরোচ জনতা পার্টি নেতা সৌরভের বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে মামলা

বিচারব্যবস্থা এবং দেশের শীর্ষ আদালতের বিচারকদের বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চেন্নাইয়ের কাঞ্চিপুরমের বাসিন্দা গণেশ কুমার মাদ্রাজ হাই কোর্টে এই মামলা করেন। মামলাকারীর আবেদন, অভিযুক্ত নেতার অতীত কার্যকলাপ খতিয়ে দেখা হোক এবং তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বন্ধ করার ব্যবস্থা করা হোক।
মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় কেন্দ্র, সংশ্লিষ্ট মন্ত্রক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সৌরভ দাসকে নোটিস পাঠিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। শুনানিতে আবেদনকারীর আইনজীবী জানান, এর আগে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না মেলায় তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।