গ্রেফতারির পর বিস্ফোরক রচনা! মন্ত্রী ইন্দ্রনীলের সঙ্গে পুরনো তিক্ততার কথা ফাঁস করলেন সাংসদ

চন্দননগরে দুর্গাপুজোর পাস বিক্রি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার হতেই তৃণমূলের অন্দরের পুরনো তিক্ততার খবর প্রকাশ্যে আনলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি চন্দননগর পুলিশ কমিশনারেট আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়ে তিনি জানান, রাজনৈতিক জীবনে এই প্রথমবার তিনি চন্দননগরের কোনও অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন। সাংসদ হওয়া সত্ত্বেও ইতিপূর্বে প্রাক্তন মন্ত্রীর বাধার কারণেই তিনি চন্দননগরে যেতে পারেননি বলে চাঞ্চল্যকর দাবি করেন রচনা।
রচনা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিধায়ক ইন্দ্রনীল সেন একেবারেই পছন্দ করতেন না যে সাংসদ তাঁর এলাকায় গিয়ে কাজ করুন বা কোনও কর্মসূচিতে অংশ নিন। ফলে ইচ্ছে থাকলেও স্থানীয় মানুষের ডাকে বা অনুষ্ঠানে এতদিন তিনি যেতে পারতেন না। প্রাক্তন মন্ত্রীর আইনি পদক্ষেপ বা গ্রেফতারি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও, রচনা স্পষ্ট জানিয়ে দেন যে দলের পুরনো সতীর্থ হিসেবে ইন্দ্রনীলের সঙ্গে যৌথভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁর মোটেই সুখকর ছিল না।