পাথর ও ফুলের টব দিয়ে কেজির ছাত্রীকে বেধড়ক মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল! কাঠগড়ায় নামী স্কুল

হরিয়ানার সেক্টর ২০-এর সংস্কৃতি মডেল স্কুলে এক ভয়াবহ ঘটনার চিত্র সামনে এসেছে। অভিযোগ উঠেছে, ওই স্কুলেরই এক তৃতীয় শ্রেণির ছাত্র বাবার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নাম করে কেজির এক ছাত্রীকে একটি ফাঁকা শ্রেণিকক্ষে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেখানে খুদে ছাত্রীকে পাথর ও ফুলের টব দিয়ে ক্রমাগত অত্যাচার করা হয়। এমনকি মেয়েটি অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেও তার ওপর নির্যাতন থামেনি। দীর্ঘক্ষণ এই নৃশংসতা চালানোর পর খুদে পড়ুয়াটি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে।
পরে স্কুল কর্তৃপক্ষ অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শিউরে উঠছেন সকলে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় সেক্টর ২০ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে এবং সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে। স্কুল চত্বরে কীভাবে সবার নজর এড়িয়ে এমন ভয়াবহ কাণ্ড ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকরা।