সিনতাপু হ্রদে ফাটলের পর নদীর বুকে জমছে জল, আচমকা বিপর্যয়ে ভারতেও বড় বিপদের আশঙ্কা!

ভুটানের সিনতাপু হিমবাহ হ্রদ উপচে পাহাড় থেকে নেমে আসা বিপুল জলরাশি নদীপথে প্রাকৃতিক বাঁধ তৈরি করে এক কৃত্রিম জলাধারের সৃষ্টি করেছে। লুনানা ও গাংচেন তাগ নদীর মিলনস্থল তাকতসেমাথাং-এ কাঠ, পাথর ও মাটি জমে এই অবরুদ্ধ পরিস্থিতির সূচনা হয়। এর আগে বৃহস্পতিবার হ্রদের জল উপচে গাসা জেলা হয়ে ‘মো চু’ নদীতে আছড়ে পড়ায় বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে যায়। এই নদীই ভারতে প্রবেশ করে ‘সংকোশ’ নামে প্রবাহিত হয়েছে। ফলে ভুটানের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের নদী তীরবর্তী জেলাগুলোতেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
বর্তমানে কৃত্রিম জলাধারের জলস্তর ধীরে ধীরে কমলেও বিপদ এখনো কাটেনি বলে সতর্ক করেছেন ভুটান ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি-র বিশেষজ্ঞরা। অবরুদ্ধ এই প্রাকৃতিক বাঁধ আচমকা ভেঙে গেলে ফের বিপুল জলপ্রবাহ নেমে এসে পুনাৎসাংচু ও সংকোশ নদী উপত্যকায় ভয়াবহ প্লাবন সৃষ্টি করতে পারে। খারাপ আবহাওয়ার কারণে বিলম্বের পর ভুটান প্রশাসনের বিশেষজ্ঞ দলটি আকাশপথে ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে পরিদর্শনের জোর তৎপরতা চালাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে নদী তীরবর্তী বাসিন্দাদের চরম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।