এই প্রথম শহরের কালীপুজো উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী! সঙ্গে থাকবেন রাজ্যপালও

বারাসাতের ঐতিহ্যবাহী কালীপুজোর ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় রচিত হতে চলেছে। এই প্রথমবার শহরের কোনো পুজো মণ্ডপ উদ্বোধনে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার শিমুলতলার শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের ৫০তম বর্ষ অর্থাৎ সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই মঞ্চে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শুধু তাই নয়, উৎসবের আবহ দ্বিগুণ করে পরদিন শুক্রবার এই মণ্ডপে আগমন ঘটতে পারে রাজ্যপাল আর এন রবিরও। হেভিওয়েট ব্যক্তিত্বদের এই আগমন ঘিরে মেগা প্রস্তুতি শুরু করেছে উদ্যোক্তারা।
দর্শনার্থীদের টানতে চন্দননগরের দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সেজে উঠছে টাকি রোডের দুই থেকে তিন কিলোমিটার এলাকা। শিল্প নির্দেশনা ও ভাবনায় মণ্ডপ ও প্রতিমা সাজিয়ে তুলছেন খ্যাতনামা শিল্পী ভবতোষ সুতার, যার থিম রাখা হয়েছে ‘অতল অণন্তম’। প্রায় ১৫টি শক্তিশালী মোটরের প্রক্ষেপণ এবং জল, শব্দ ও ভিজ্যুয়ালের মেলবন্ধনে ফুটিয়ে তোলা হবে মহাদেবের বিশেষ নৃত্যকলা। বারাসাতের অর্থনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের জীবিকার কথা উল্লেখ করে ক্লাবের মূল পৃষ্ঠপোষক সুবীর শীল এই ভিভিআইপি সমাগমকে এলাকার জন্য এক নতুন উদ্দীপনা বলে মন্তব্য করেছেন।