দীপাবলির আগে পুলিশের বড় সাফল্য, অভিযানে উদ্ধার প্রচুর গাঁজা ও নগদ টাকা!

দীপাবলির আগে পুলিশের বড় সাফল্য, অভিযানে উদ্ধার প্রচুর গাঁজা ও নগদ টাকা!

 

সুন্দরবন পুলিশ জেলার মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সুন্দরবন: সুন্দরবন পুলিশ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে প্রশাসন। গত কয়েকদিনের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিলকান্দার লেনিনগড় জি-ব্লকে সমীর পালের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ কেজিরও বেশি গাঁজা ও দু’লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় সমীরের স্ত্রী সোনালি পাল ও মনোজিৎ সরকার ওরফে মনা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে সোমবার রাতে রায়দিঘির সেতুর নিচে একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় ভাস্কর নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি বলে জানা গিয়েছে। এছাড়া রবিবার রায়দিঘির গোলপার্ক এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল আরও তিন কেজি গাঁজা।

এদিকে, কাকদ্বীপ থানার পুলিশ সোমবার রাতে গণেশপুর তৃতীয় ঘেরি এলাকার একটি বাড়ি থেকে ১৬ গ্রাম মাদকজাত দ্রব্য উদ্ধার করেছে। উদ্ধার হওয়া পলিথিনে ৯৭টি পুরিয়া পাওয়া যায়, যা থেকে ব্রাউন সুগার বা হেরোইন বলে পুলিশের প্রাথমিক ধারণা। এই ঘটনায় মেনকা শিট নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানান, গত ৩০ অক্টোবর থেকে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান সপ্তাহ শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে মাদক কারবারিদের গ্রেপ্তারের পাশাপাশি প্রতিটি থানা এলাকায় সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হচ্ছে। পুলিশ প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *