প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের, উত্তাল জাতীয় রাজনীতি!

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, পাল্টা তোপ কিরেন রিজিজুর
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বিতর্কে বসার জন্য ফের চ্যালেঞ্জ ছুড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিতর্কের রূপরেখাও তুলে ধরেন। রাহুলের এই আক্রমণকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
মঙ্গলবার নিজের পোস্টে রাহুল গান্ধী জানান, প্রধানমন্ত্রীর কাছে প্রথম চ্যালেঞ্জ পাঠানোর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সাড়া মেলেনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে রাহুল বলেন, “প্রধানমন্ত্রী বিরোধীদের দেশদ্রোহী বলে অভিহিত করেন। সাহস থাকলে যেকোনো মঞ্চ বেছে নিন, আমি মুখোমুখি বিতর্কে প্রস্তুত।”
বিতর্কের বিষয়ে রাহুল আরও বলেন, “সামনে সংবাদমাধ্যম ও দেশের যুবসমাজ থাকবে। এক টেবিলে একদিকে আপনি থাকবেন, অন্যদিকে আমি। আপনি যে কাউকে বিচারক হিসেবে বেছে নিতে পারেন—এমনকি মোহন ভাগবতকেও আপত্তি নেই।” বিতর্কের সম্ভাব্য বিষয়বস্তু হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, মন্ত্রিসভাকে অন্ধকারে রাখা, আদানি বিতর্ক এবং আন্তর্জাতিকভাবে আলোচিত ‘এপস্টিন’ প্রসঙ্গের উল্লেখ করেন।
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় ৪৫টি মানহানির মামলার প্রসঙ্গ টেনে রাহুল ব্যঙ্গাত্মক সুরে বলেন, “বিদেশি যোগাযোগের বিষয়ে এখনও মামলা করছেন না কেন? মামলা করুন, সেখানেও প্রকাশ্যে আলোচনা হবে।”
রাহুলের এই বার্তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সামাজিক মাধ্যমে রিজিজু লেখেন, “ইসলামি মৌলবাদীদের মুখে ধর্মনিরপেক্ষতার বুলি, বিচ্ছিন্নতাবাদীদের হাতে জাতীয় পতাকা আর নৈরাজ্যবাদীদের হাতে সংবিধানের মতো রাহুল গান্ধীর এই বক্তব্যও সমানভাবে হাস্যকর।” মন্ত্রীর অভিযোগ, ভারতের শত্রুপক্ষের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়া কংগ্রেসের পুরোনো অভ্যাস। তিনি আরও বলেন, উচ্চস্তরের এবং অর্থপূর্ণ বিতর্ক শুধুমাত্র পরিণত ব্যক্তিদের মধ্যেই সম্ভব।
উল্লেখ্য, গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণে বিরোধীদের বিরুদ্ধে দেশভাগের ষড়যন্ত্র ও বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ তোলার পর থেকেই এই রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের প্রেক্ষিতেই মুখোমুখি বিতর্কের ডাক দিয়েছেন রাহুল গান্ধী।