স্ত্রীর কাটা মুন্ডু হাতে মন্দিরে বসা স্বামী! গঙ্গারামপুরের ঘটনায় শিউরে উঠল এলাকা

স্ত্রীর কাটা মুন্ডু হাতে মন্দিরে বসে স্বামী, গঙ্গারামপুরে চাঞ্চল্য
গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে বুধবার সকালে এক ভয়াবহ ও নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীকে খুন করে তাঁর কাটা মুন্ডু হাতে নিয়ে মন্দিরে বসে থাকার অভিযোগে রিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার বাসিন্দা রিন্টু ঘোষ একসময় সরকারি বাসের কন্ডাক্টর ছিলেন। বর্তমানে তিনি কর্মহীন অবস্থায় বাড়িতেই থাকতেন। বুধবার সকালে স্থানীয় একটি মন্দিরে রিন্টুকে বসে থাকতে দেখেন প্রতিবেশীরা। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও তিনি সেখান থেকে না ওঠায় স্থানীয় এক ব্যক্তি উঁকি মারেন। তিনি ভেতরে যা দেখেন, তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং রিন্টুকে এক হাতে স্ত্রীর কাটা মুন্ডু ও অন্য হাতে একটি কাটারি নিয়ে বসে থাকতে দেখেন।
ঘটনার আকস্মিকতায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিন্টু ঘোষকে আটক করে। পাশাপাশি, ঘর থেকে উদ্ধার করা হয় নিহতের দেহবিহীন দেহ। নিহত ওই গৃহবধূর নাম সীমা সরকার। তাঁদের সংসারে দুটি সন্তানও রয়েছে।
প্রতিবেশীদের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহের জেরেই এই খুন। নিহতের এক আত্মীয় রাজেশ প্রামাণিক জানিয়েছেন, কাজ ছাড়ার পর রিন্টু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং ইদানীং তান্ত্রিকদের মতো আচরণ করছিলেন। তিনি নিরামিষ ভোজন শুরু করেছিলেন বলেও প্রতিবেশীদের দাবি।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।