গুয়াহাটিতে পাঁচখুন কাণ্ডে নাটকীয় মোড়, এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত!

গুয়াহাটিতে পাঁচখুন কাণ্ডে নাটকীয় মোড়, এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত!

 

পুলিশি হেফাজতে এনকাউন্টারে খতম গুয়াহাটির হোটেল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, গুয়াহাটি: আসামের চাঞ্চল্যকর হোটেল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১২ মিনিট নাগাদ শিবসাগরের গৌরীসাগর এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটে। পুলিশের দাবি, হেফাজত থেকে পালানোর চেষ্টার সময় পাল্টা গুলিতে ওই অভিযুক্তের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশি কনভয়ে স্থানান্তরের সময় গৌরীসাগর এলাকায় ঘনকান্ত গগৈ প্রস্রাব করার অজুহাতে গাড়ি থামানোর অনুরোধ করেন। গাড়ি থামানো হলে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে সে পালানোর চেষ্টা করে। এই সময় পুলিশের সঙ্গে তার চরম ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে এবং ঊর্ধ্বতন আধিকারিককে রক্ষা করতে এক পুলিশকর্মী ঘনকান্তকে লক্ষ্য করে গুলি চালান। গুরুতর আহত অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে গুয়াহাটির বরা সার্ভিস এলাকার ‘বিলাস ইন’ হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন হোটেলের মালিক হেলেনা ভরালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ রিনিকি কাশ্যপ, আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভরালি। এছাড়া সত্যেন্দ্র পাঠক নামে আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

তদন্তে উঠে এসেছে, হোটেলের লিজ ও সম্পত্তি সংক্রান্ত কোটি টাকার বিবাদই এই হত্যাকাণ্ডের মূল কারণ। অভিযুক্ত ঘনকান্ত পয়েন্ট ৩২ বোরের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় একজন দাগি আসামির রিভলভার ছিনতাইয়ের চেষ্টার ঘটনা এবং এনকাউন্টারের প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আসাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্ত ও পর্যালোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *