লক্ষ্য সেরা হওয়ার, পঞ্চায়েতে বড় নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর!

২২ লক্ষ মানুষের কর্মসংস্থান ও নতুন পঞ্চায়েত ভবনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নতুন রাজ্য সরকার। ‘ভিবি জি-রামজি’ (VB G-RAM-G) প্রকল্পের মাধ্যমে ২২ লক্ষ মানুষকে প্রতিদিন রোজগারের সুযোগ করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া নিউটাউনে পাঁচ একর জমির ওপর একটি সুবিশাল নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
গ্রামীণ কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার ২২ কোটি শ্রম দিবস ও ২২ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার বিপরীতে ইতিমধ্যেই ১ হাজার ২০০ কোটি টাকা রাজ্যে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যেই ৬৫ লক্ষ ৬২ হাজার কর্ম দিবস তৈরি করতে সক্ষম হয়েছি এবং বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৭ লক্ষ কর্ম দিবস তৈরি হচ্ছে। হাতে সময় কম থাকলেও কেন্দ্রীয় সরকারের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে নতুন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
ক্ষমতা হস্তান্তরের পরবর্তী পর্যায়ে বিভিন্ন পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানদের ইস্তফার কারণে যে প্রশাসনিক স্থবিরতা দেখা দিয়েছিল, তা কাটিয়ে উঠতে পঞ্চায়েত আইন সংশোধন করে বিশেষ বিল পাশ করানো হয়েছে বলে জানান তিনি। এছাড়া ব্লকে ব্লকে কর্মী ও ইঞ্জিনিয়ারদের শূন্যপদ পূরণে ৭ হাজার ১৯০টি পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দীপাবলির ছুটির পর বিশেষ বিধানসভা অধিবেশন ডেকে এ সংক্রান্ত নিয়োগ বিল পেশ করা হবে।
উল্লেখ্য, কেন্দ্রের ‘ভিবি-জিরামজি’ আইনের আওতায় এখন থেকে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে দেশজুড়ে এই নিয়ম কার্যকর হলেও, এর যথাযথ বাস্তবায়নে বিশেষ জোর দিচ্ছে নবান্ন। আগের সরকারের আমলে মনরেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে এই প্রকল্পে রাজ্যকে দেশের সেরা হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।