তৃণমূলের দলীয় কার্যালয়ে টাকার পাহাড়! তদন্তে মুখ খুললেন সুমিত?

তৃণমূলের দলীয় কার্যালয়ে টাকার পাহাড়! তদন্তে মুখ খুললেন সুমিত?

 

সরিষায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার কোটি টাকার বেশি নগদ, ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর।

ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিষেক মজুমদার জানান, সুমিত রায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরিষার ওই দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। সরকারি জমি দখল ও মাটি চুরির অভিযোগে সুমিত রায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি জবরদখল এবং দক্ষিণ ২৪ পরগনার আসুতি থানা এলাকায় মাটি চুরির অভিযোগে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, উদ্ধার হওয়া অর্থের উৎস কী এবং ওই কার্যালয়টি ঠিক কারা পরিচালনা করতেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। কার্যালয়টি তৃণমূল কংগ্রেসের হলেও এর পরিচালনার দায়িত্বে কারা ছিলেন, সে বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

উল্লেখ্য, আসুতি থানায় দায়ের হওয়া মাটি চুরি সংক্রান্ত মামলায় সুমিত রায়ের নাম উঠে এসেছে। অভিযোগ, কালিতলায় সরকারি ও ব্যক্তিগত জমি থেকে মাটি কেটে উচ্চমূল্যে বিক্রি করা হতো। এই ঘটনার সঙ্গে সুমিত ছাড়াও আরও কয়েকজন জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, দক্ষিণ ২৪ পরগনার এক প্রভাবশালী তৃণমূল বিধায়ক সরিষার ওই দলীয় কার্যালয়টি পরিচালনা করতেন এবং তাঁর সঙ্গে সুমিত রায়ের গভীর রাজনৈতিক সম্পর্ক ছিল। ওই বিধায়কের পরিবারের এক সদস্যের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত থাকা এবং সেই কলেজের মালিকের সঙ্গে সুমিত ও বিধায়কের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়েও জল্পনা ছড়িয়েছে।

দলীয় কার্যালয় থেকে এভাবে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় শাসকদলের অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনী পরিস্থিতির প্রেক্ষাপটে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *