মাটি চুরির কোটি কোটি টাকা সোজা পার্টি অফিসে! পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য।

মাটি চুরির কোটি কোটি টাকা সোজা পার্টি অফিসে! পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য।

 

দলীয় কার্যালয় থেকে উদ্ধার কোটি টাকা, মাটি কেলেঙ্কারির অভিযোগে ধৃত তৃণমূল কর্মীর তথ্যে হানা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার সরিষায় শাসক দলের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে এক কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করেন তদন্তকারীরা। দীর্ঘদিনের মাটি কেলেঙ্কারির সূত্র ধরেই এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, গত ৩১ অক্টোবর কালীতলা আশুতি থানায় প্রায় ৩০০ কোটি টাকার জমি ও মাটি কেলেঙ্কারির অভিযোগে সুমিত রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। হেফাজতে থাকাকালীন সুমিতকে লাগাতার জেরা করে পুলিশ অবৈধ অর্থের উৎসের সন্ধান পায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের অনুগত বলে পরিচিত ওই দলীয় কার্যালয়ে হানা দেয় পুলিশ। অফিস তল্লাশি করতেই সেখান থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো নগদ টাকা।

বুধবার সাংবাদিক বৈঠকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার (জোনাল) অভিষেক মজুমদার জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর ধরে ওই এলাকায় প্রায় ৩০০ কোটি টাকার মাটি বেআইনিভাবে কেটে বিক্রি করা হয়েছে। অবৈধ এই কারবারের লভ্যাংশ গোপন করতেই শাসক দলের ওই কার্যালয়কে ব্যবহার করা হতো বলে পুলিশের সন্দেহ।

তদন্তকারী দলের দাবি, এই দুর্নীতির নেপথ্যে কেবল সুমিত রায় নন, বরং ডায়মন্ড হারবারের একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও কিছু প্রশাসনিক আধিকারিকের নাম উঠে আসছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কার নির্দেশে ওই পার্টি অফিসে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে পার্টি অফিসের সমস্ত নথি।

উৎসবের মরশুমে রাজনৈতিক দলের কার্যালয় থেকে উদ্ধার হওয়া এই নগদ অর্থ ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ঘটনার তদন্তে আর কারা জড়িত, তা নিশ্চিত হতে সুমিত রায়ের বয়ান ও সংগৃহীত নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *