স্কুল থেকে মন্দির, বাংলার মামুদপুরে চিনের কনসাল জেনারেল! কী কারণে এই সফর?

ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহে বাংলার সংস্কৃতি ও গ্রামীণ জীবনযাত্রা প্রত্যক্ষ করতে হুগলির প্রান্তিক এলাকা মামুদপুর ঘুরে দেখলেন কলকাতায় নিযুক্ত চিনের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ওয়াং হুইফেং। কলকাতার সমাজকল্যাণমূলক সংস্থা ‘বেঅ্যান্ড-মেক’ এবং হেরিটেজ ও কমিউনিটি কো-অর্ডিনেটর সম্রাট চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত এই সফরে কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা গ্রামের ঐতিহ্যবাহী মন্দির ও স্থানীয় স্কুল পরিদর্শন করেন। এ সময় তাঁরা শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গ্রামীণ শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করার উদ্দেশ্যেই এই সফর অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক কূটনৈতিক মিশনগুলির সঙ্গে বাংলার গ্রামীণ এলাকার মেলবন্ধন ঘটাতে প্রতি বছর এই ধরনের উদ্যোগ নেন সম্রাট চৌধুরী। এর আগে গত বছর দুর্গাপুজোয় হুগলির পাণ্ডুয়ার ভূঁইপাড়া গ্রামের পুজোয় সামিল হয়েছিলেন চিনা কনস্যুলেটের আধিকারিকরা।