চালের বস্তার আড়ালে মাদক পাচারের অভিনব কৌশল, শেষরক্ষা হলো না পাচারকারীদের!

চালের বস্তার আড়ালে মাদক পাচারের অভিনব কৌশল, শেষরক্ষা হলো না পাচারকারীদের!

 

১৪ কেজি গাঁজাসহ আটক ৩, পাচারচক্রের সন্ধানে এসটিএফ

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: অভিনব কায়দায় চালের বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় হাতেনাতে তিন যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ১৪.৫৫৯ কেজি গাঁজা উদ্ধার করেছেন গোয়েন্দারা।

এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা এবং বাকি দু’জন ওড়িশার বাসিন্দা। পাচারকারীরা অত্যন্ত সুকৌশলে চালের বস্তার ভেতরে বালি ও সিমেন্টের আস্তরণ দিয়ে একটি বিশেষ অ্যালুমিনিয়ামের ট্যাঙ্কার তৈরি করেছিল। সেই ট্যাঙ্কারের ভেতরেই গাঁজার প্যাকেটগুলো লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওগ্রাফির মাধ্যমে জব্দ করা হয়েছে এই বিপুল পরিমাণ মাদক।

ঘটনার পর গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের এক সাব-ইনস্পেক্টরের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ময়দান থানায় এনডিপিএস (NDPS) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক অনুমান, ওড়িশা থেকে এই মাদকের চালানটি পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। তবে এই চালানের প্রকৃত প্রাপক কারা এবং মাদক পাচারচক্রের মূল মাথা কে, তা জানার চেষ্টা চলছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আন্তঃরাজ্য এই পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *