ফের ২২ গজে বৈভব ধামাকা, কবে মাঠে নামছেন এই তারকা?

ফের ২২ গজে বৈভব ধামাকা, কবে মাঠে নামছেন এই তারকা?

 

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে মাঠে নামার ইঙ্গিত বৈভব সূর্যবংশীর

নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ না পেলেও ক্রিকেট থেকে দূরে থাকছেন না উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোগো শেয়ার করে ‘সুন’ (Soon) বা ‘শীঘ্রই আসছে’ লিখে পোস্ট করায় জল্পনা তুঙ্গে। ক্রিকেট মহলের ধারণা, রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতীয় ‘এ’ দলের হয়ে মাঠে নামার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ২০২৬-২৭ মরশুমে আগামী ১৪ নভেম্বর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিহার। এরপর ১৬ নভেম্বর রেল এবং ১৮ নভেম্বর দিল্লির মুখোমুখি হবে দলটি। এই তিনটি ম্যাচে খেলার মাধ্যমে রাইজিং স্টারস এশিয়া কাপের আগে নিজের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বৈভবের সামনে। যদিও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর, দলের ট্রায়াল তালিকায় তরুণ এই ব্যাটারের নাম রয়েছে।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর কাতারের দোহায় নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতীয় ‘এ’ দলের অভিযান শুরু হবে। এরপর ২২ নভেম্বর পাকিস্তান এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এশিয়া কাপের মঞ্চে বৈভবের ব্যাটিংয়ের দিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। তার আগে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামলে বড় টুর্নামেন্টের আগে ছন্দে ফেরার পূর্ণ সুযোগ পাবেন এই তরুণ তুর্কি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *